এশিয়ার পরাশক্তি চীন ও মুসলিম রাষ্ট্র পাকিস্তানকে ছাড়াই যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান ইস্যুতে ভারতে শুরু হয়েছে প্রতিবেশী রাষ্ট্রগুলোর বৈঠক। এবার ইসলামাবাদের পাশাপাশি বেইজিংও যে গরহাজির থাকবে, তা আগে থেকেই স্পষ্ট ছিল। যদিও সেই কারণে যাতে বৈঠকটির গুরুত্ব কমে না যায় তা নিশ্চিতে জোরেশোরে মাঠে নামে নয়াদিল্লি।
চীন-পাকিস্তান ছাড়াও বৈঠকে অংশ নিতে ইরান, রাশিয়া, তাজিকিস্তান ও উজবেকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানায় মোদী সরকার। দুই দিনের এই বৈঠকের প্রথম দিন মঙ্গলবার তাজিকিস্তান এবং উজবেকিস্তানের নিরাপত্তা কর্তাদের সঙ্গে আলোচনায় বসেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।
কূটনৈতিক সূত্রের মতে, আলোচনায় প্রাথমিকভাবে গুরুত্ব পেয়েছে কট্টর ইসলামিক সংগঠন তালেবান জামানায় আফগান ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদ ও মৌলবাদ চুঁইয়ে অন্য দেশেও ডালপালা বিস্তারের আশঙ্কা। দ্বিতীয়ত, আফগানিস্তানের জনগণের কাছে ত্রাণ ও সাহায্য পৌঁছে দেওয়া। বুধবার (১০ নভেম্বর) রাশিয়া এবং ইরানের নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের কথা রয়েছে ডোভালের।
বিশ্লেষকদের মতে, শুরু থেকেই চীন ও পাকিস্তান এই আলোচনা ভেস্তে দিতে চেয়েছে বলে দাবি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। যদিও ইসলামাবাদ স্পষ্ট করে বলেছে, আফগান রাজনীতিতে নাক গলিয়ে সব পণ্ড করতে চাইছে ভারত। বেইজিং অবশ্য প্রকাশ্যে এমন ভারত বিরোধিতার রাস্তায় হাঁটেনি। তবে এই প্রসঙ্গে মঙ্গলবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছিলেন, বৈঠকের যে দিনক্ষণ, তাতে সেখানে যোগ দেওয়া চীনের জন্য সুবিধাজনক নয়। কিন্তু এ যে নেহায়েতই কথার মোড়ক, তা বুঝতে অসুবিধা নেই নয়াদিল্লির।
আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহার করে নেওয়ার পর থেকে ভূখণ্ডটিতে যে অস্থিরতা বিরাজ করছে; মূলত তারই একটি সুযোগ নিতে চায় বেইজিং। সেখানে পাকিস্তানের সাহায্য নিয়ে নানাভাবে নিজেদের প্রভাব বাড়াতে পারলে, গোটা অঞ্চলে আধিপত্য কায়েম করতে সুবিধা হবে বলেই মনে করছে চীন।
উল্লেখ্য, ভারতও আপাতত নিজেদের আফগান নীতিকে পুরো অঞ্চলে প্রতিষ্ঠিত করতে চাইছে। রাশিয়ার ওপর এক্ষেত্রে সবচেয়ে বেশি নির্ভর করতে হচ্ছে তাদের।
সূত্র : আনন্দবাজার পত্রিকা